হারুন শেখ, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় প্রতিকূলতা ও লবণাক্ত পরিবেশ উপেক্ষা করে চলতি মৌসুমে বোরো ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ, অনুকূল আবহাওয়া এবং সরকারি প্রণোদনার ফলে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে চাল উৎপাদনে সয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছে এ উপজেলা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বোরো মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে এবং উফশী জাতের ধান ৮৫০ হেক্টর জমিতে। এতে মোট চাল উৎপাদন হয়েছে ২২ হাজার ৬৮৩ মেট্রিক টন।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে আমন মৌসুমে ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৮১০ হেক্টর, উফশী জাতের ৬ হাজার ৩১০ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হয়েছিল ১ হাজার ২৯৫ হেক্টর জমিতে। এতে উৎপাদিত চালের পরিমাণ ২৪ হাজার ৪০৩ মেট্রিক টন।
এক পরিসংখ্যান অনুযায়ী, রামপাল উপজেলার ২০২৩-২৪ অর্থবছরের জনসংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৩৭৪ জন। এই জনসংখ্যার বছরে চালের প্রয়োজন ৩৬ হাজার ৮৭০ মেট্রিক টন। অথচ চলতি বোরো ও আমন মিলিয়ে উৎপাদন হয়েছে ৩৪ হাজার ৪৭৯ মেট্রিক টন চাল। অর্থাৎ চালের ঘাটতি রয়েছে মাত্র ২ হাজার ৩৯১ মেট্রিক টন।
স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দশকে রামপাল ছিল খাদ্য ঘাটতির উপজেলা। বর্তমানে সেচ সুবিধা, মাঠ পর্যায়ে পরামর্শ, লবণ সহিষ্ণু জাতের বীজ ও সার প্রদান, এবং সময়মতো রোগবালাই নিয়ন্ত্রণের ফলে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, “আমরা চাই রামপাল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। পতিত জমিগুলো কাজে লাগিয়ে এবং মিষ্টি পানির প্রাপ্যতা নিশ্চিত করে দ্বিগুণ উৎপাদন সম্ভব। এ লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে।” তিনি আরও জানান, উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.