হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার (৪ মে) বিকাল ৫টায় উপজেলার কৈগর্দাসকাঠি খেয়াঘাট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজেদ ফকির, যুগ্ম সম্পাদক সাবজান ফকির, আ. হামিদ শেখ, মাজহারুল ইসলাম, তানিয়া বেগম, আলেয়া বেগম, নূর ইসলাম গাজীসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। সড়কের পাশে পর্যাপ্ত পাইলিং না থাকায় নির্মাণ টেকসই হবে না বলে আশঙ্কা করছেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয়দের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে প্রকল্পের ঠিকাদার সোহেল পুলিশের সহায়তায় এলাকাবাসীকে ভয়ভীতি দেখাচ্ছেন। রামপাল থানার ওসি আতিকুর রহমান নারীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। দ্রুত কাজের গুণগতমান নিশ্চিত করে অনিয়ম বন্ধ ও পুলিশি হয়রানি থেকে এলাকাবাসীকে রক্ষা করার দাবি জানান তারা।
এ বিষয়ে রামপাল উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, “সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। অনিয়মের বিষয়ে নজরদারি করা হচ্ছে এবং কোনো ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে, রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “কিছু ব্যক্তি কাজ থেকে চাঁদা দাবি করায় সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পুনরায় কাজ শুরু করতে সহায়তা করে এবং স্থানীয়দের সতর্ক করা হয় যাতে কেউ বাধা না দেয়। চাঁদা দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” ঘটনার তদন্ত ও প্রকল্পের গুণগতমান রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.