খুলনার রূপসা ও মোল্লাহাট সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈদের দিন (সোমবার) রাত ৭টার দিকে রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে তিনটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মোল্লাহাটের বুড়িগাঙনী গ্রামের ফকির বাড়িতে হামলা চালানো হয়।
ভুক্তভোগী লিটন ফকির জানান, ঈদের দিন বিকেলে তাদের এক ছেলের সঙ্গে বামনডাঙ্গা এলাকার এক ছেলের ঝগড়া হয়। এর জেরে রাত ৭টার দিকে রুহুল মিনা ও ফরহাদ মিনার নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত তার দোকানে হামলা চালায়। তিনি দোকানের মালামালের আড়ালে লুকানোর চেষ্টা করলেও হামলাকারীরা দোকানের মধ্যে ঢুকে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তাকে উদ্ধার করতে এলে আরও কয়েকজনকে মারধর করা হয় এবং সাত লাখ টাকা লুট করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পরদিন (১ এপ্রিল) সকালে প্রতিপক্ষ তাদের বাড়িতেও হামলা চালায়।
অপর দোকান মালিক দুলাল ফকির জানান, তার দোকানে হামলা ও লুটপাটের মাধ্যমে লাখ টাকার ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী চা দোকানি কালা মিনা বলেন, তার দোকানেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
গাংনী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেন, "ঈদের রাতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরদিন আবার হামলার ঘটনা দুঃখজনক। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"
অন্যদিকে, প্রতিপক্ষের এনামুল মিনা ও ইমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, "ফকির বাড়ির লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা পালিয়ে রক্ষা পেলেও আমাদের অনেকে আহত হয়েছেন।"
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, "ঘটনার পর রাতে এবং সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.