শেখ ফসিয়ার রহমান, নড়াইল
‘আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। শাহীন ও সোহেল হত্যার বিচার আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে।’ নড়াইলের কালিয়ার পৌর শহরে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টায় কৃষক দল নেতা শাহীন মোল্লা ও জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
পথসভায় এস এম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনায় তাঁরা সব ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। কিন্তু একটি কুচক্রী মহল সেই শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করে তাঁদের দলের দুই নেতাকে নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। একই সঙ্গে নেতা-কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে মোটরসাইকেল মিছিল বের করা হয়। ছাত্রদল নেতা এস এম রাকিবুজ্জামান পাপ্পুর নেতৃত্বে মিছিলটি সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহীন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, মনিরুজ্জামান মনা, শেখ জাহাঙ্গীর আলম, শেখ মনিরুল ইসলাম, নিছার উদ্দিন, মোল্লা গোলাম কিবরিয়া, বিশ্বাস ফেরাউস, ফরাদ বিশ্বাস, ছাত্রনেতা এস এম রাকিবুজ্জামান পাপ্পু, যুবনেতা কামাল সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.