তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেছেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা থেকে উত্তরণে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক তেরখাদা উপজেলাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, ভেটেরিনারি সার্জন জুপি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. নজিবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তামণ্ডল ও তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.