খুলনা প্রতিনিধি
খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে তারা।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ সদর কোম্পানি ও এসআরবি-৮ সদর কোম্পানির যৌথ আভিযানিক দল। অভিযানে খুলনার রূপসা থানায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন মোট আটজন। তাদের মধ্যে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি।
জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের করা ওই হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। প্রায় ২৭ বছর পর তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.