নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার ব্যবস্থাপনা ও সড়ক পরিবহণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলায় দুই হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে ভবানীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজার এলাকায় অবৈধভাবে দোকান ও ভ্যান স্থাপন, অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনা, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল ও অন্যান্য যান চলাচল, হেলমেট ব্যবহার না করা এবং ট্রাফিক আইন অমান্য করে সড়কে যান চলাচলের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন, ২০২৩ এবং সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলা রুজু করা হয়। অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মোট দুই হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা। অভিযান শেষে তিনি বলেন, “হাট ও বাজার এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ দখল বন্ধ করা এবং জনসাধারণের চলাচল নিরাপদ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। বাজার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ক্রেতা ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
তিনি আরও বলেন, “লাইসেন্সবিহীন ব্যবসা, অনুমোদন ছাড়া দোকান বসানো, সড়কে অবৈধ পার্কিং এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন অমান্য করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

“জনস্বার্থ রক্ষায় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সবাই আইন মেনে চললে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।”
স্থানীয় প্রশাসন জানায়, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.