
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় অভিনেতা এস এম কামরুল বাহার। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত শেখ মোঃ বাদশাহ ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল ২০২৫) নড়াগাতী থানায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলার দূত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি চৌধুরী জুয়েল রানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামাজিক, সাংস্কৃতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিনেতা এস এম কামরুল বাহার বলেন, “সামাজিক উন্নয়ন ও সংস্কৃতির প্রসারে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। সংস্কৃতির চর্চা বাড়ালে সমাজে অপরাধপ্রবণতা কমবে এবং তরুণরা সঠিক পথ খুঁজে পাবে।”
ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় রোধ ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য আমরা সব সময় জনগণের পাশে আছি। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের মধ্যে নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে আমরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি, যেখানে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।”
সাক্ষাৎকালে আরও আলোচনা হয় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধের সচেতনতা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে। এছাড়া, উভয়ে একমত হন যে, স্থানীয় পর্যায়ে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে অপরাধ প্রবণতা কমানো সম্ভব। পুলিশের পাশাপাশি সমাজের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এগিয়ে এলে সমাজ আরও সুন্দর হবে।
অভিনেতা কামরুল বাহার বলেন, “আমি আশা করি, প্রশাসনের সহযোগিতায় আমাদের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করা যাবে, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।”
ওসি শরিফুল ইসলাম আশ্বাস দেন যে, পুলিশ প্রশাসন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে সব ধরনের ইতিবাচক উদ্যোগকে সমর্থন করবে।