
হাকিকুল ইসলাম খোকন, আয়েশা আক্তার রুবি, নিউইয়র্ক
প্রবীণ নাগরিকদের জন্য মানবিক ও প্রীতিময় পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে ‘অল কান্ট্রি হোমকেয়ার গ্রুপ’-কে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমারের পক্ষ থেকে ডেপুটি চিফ অব স্টাফ নিল টিফিন্ডি একটি বিশেষ প্রক্লেমেশন প্রদান করেন। এ সময় জেনিফার রাজকুমার অন্য একটি জরুরি কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে নিল টিফিন্ডি ও অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির আলোকে প্রবীণ প্রবাসীরা তাদের জীবনযাপন করতে পারবেন এমন ‘ডে কেয়ার সেন্টার’ চালুর অংশ হিসেবে ১৩ জুলাই ২০২৫ রবিবার একটি ব্যতিক্রমী রিভার ক্রুজের আয়োজন করা হয়। প্রায় চারশ’ জন অংশগ্রহণকারী—যাদের মধ্যে তিন শতাধিক প্রবীণ—প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ নৌ ভ্রমণে গান, আড্ডা এবং স্মৃতিচারণে মেতে ওঠেন।
নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড অ্যাভিনিউয়ে অবস্থিত ‘অল কান্ট্রি হোমকেয়ার গ্রুপ’ এর ব্যবস্থাপনায় ফ্লাশিং বে থেকে ইস্ট রিভার ও হাডসন নদী পর্যন্ত পরিচালিত এই ভ্রমণে অংশগ্রহণকারীরা বিশ্বখ্যাত ম্যানহাটানের মনোরম স্থানগুলো দৃশ্যাভিনন্দন করেন। ‘স্ট্যাচু অব লিবার্টি’র নিকট দিয়ে জাহাজ ‘স্কাইলাইন প্রিন্সেস’ অতিক্রমের সময় অনেকেই সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
অনুষ্ঠানের সুর এবং মেজাজে প্রাণ যোগায় জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল ও শিমুল খান। তাদের গানপ্রদর্শনে প্রবাসীরা শৈশব ও কৈশোরের স্মৃতিতে মগ্ন হন।
‘অল কান্ট্রি হোমকেয়ার গ্রুপ’-এর সিইও আব্দুল কাদের শিশির বলেন, “নিউইয়র্ক স্টেট থেকে প্রাপ্ত সুবিধাসমূহ প্রবীণদের জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছি। প্রবীণরা বাংলাভাষা ও সংস্কৃতিতে ভরপুর, নিজস্ব ঘরের মতো নির্মল পরিবেশে এখানে সময় কাটাতে পারবেন। বাঙালি খাবার সরবরাহসহ সবকিছুই বাংলাদেশের নিজ ঘরের মতো হবে।”
নৌ ভ্রমণে অংশগ্রহণকারী প্রবীণরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সন্তান-নাতি-পুরাতি সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় আমরা একাকিত্বে দিন কাটাতাম। এখন এই ডে কেয়ার সেন্টার সেই একাকিত্ব দূর করবে বলে আশা করছি।” এ ধরনের পরিষেবার চাহিদা বহুজাতিক সমাজে অনেক দিন ধরেই ছিল, কারণ বিদ্যমান ‘এডাল্ট ডে কেয়ার সেন্টার’ গুলোতে বাঙালি খাবার পাওয়া যায় না এবং বাংলায় কথা বলার পরিবেশও নেই।
নৌ ভ্রমণের সমাপনী বক্তব্যে আব্দুল কাদের শিশির বলেন, “সকলের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়েছি। কমিউনিটির সাথে একসঙ্গে আরো অনেক এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদের।”
প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সোনিয়া সিরাজ অনুষ্ঠানের সুষ্ঠু উপস্থাপনা ও পরিচালনা করেন। এ সময় মা-বাবার সাথে সন্তান-নাতি-পুতি এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় দুপুর ১২টায় এবং বিকেল ৫টায় শেষ হয়। স্থান ছিল ‘ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টের’ পার্শ্ববর্তী ফ্লাশিং বে।
অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন তারেক হাসান খান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগীত পরিবেশন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অতিথি আকতার হোসেন ইংরেজি কবিতা আবৃত্তিতে উপস্থিত দর্শকদের মন জয় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান আতা, আই-টিভির পরিচালক রিমন ইসলাম, আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি, সাংস্কৃতিক সংগঠক ডা. নারগিস রহমান, সাংস্কৃতিক সংগঠক ঝর্ণা চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মাসুদা ইয়াসমীন রুমা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শ্যামল এবং বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজের এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।