
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাক্রোয়া (Jean Pierre Lacroix) শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, “পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষায় বাংলাদেশি পুলিশ সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা প্রশংসনীয়।”
আইজিপি বাহারুল আলম বলেন, “বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনে বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ পুলিশ আরও অধিক সংখ্যায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে প্রস্তুত।”
তিনি জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বাংলাদেশ পুলিশের প্রতি সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আন্ডার সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ব্রুক শন (Brooke Shawn), অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মোঃ আব্দুল্লাহ আল-মামুন।