
হাফিজা খানম স্টাফ রিপোর্টার
খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে ‘একটি বাড়ি, একটি গাছ’ অঙ্গীকারকে সামনে রেখে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
টিএসবি ইউনিয়ন বিএনপির আয়োজন ও স্থানীয় স্কুল, কলেজ ও মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে চারা রোপণ ও বিতরণ করেন।
আতাউর রহমান রুনু বলেন, “একটি বাড়ি, একটি গাছ অঙ্গীকার শুধুমাত্র স্লোগান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। গাছ আমাদের জীবন, পরিবেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মূল।” তিনি আরও বলেন, “খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল নির্বাচিত হলে পানি সংকট নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব রূপসা গড়তে কাজ করে যাবেন। আমরা চাই, প্রতিটি পরিবার একটি গাছ লাগিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখুক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন ও জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান। সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান।
এছাড়া রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।