
শাহাদাত কামাল শাকিল
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “জাতীয়তাবাদী দলকে দুর্বল ও ধ্বংস করার জন্য অতীতে বহুবার ষড়যন্ত্র করা হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল, তারেক রহমানকে হত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে। তবুও বিএনপি মানুষের হৃদয়ের দল—এই দলকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই।”
তিনি বলেন, “খালেদা জিয়াকে কারাবন্দি করে এবং তারেক রহমানকে দেশের বাইরে ঠেলে দিয়ে দলকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা হয়েছিল। কিন্তু বিএনপি নেতাদের সাংগঠনিক দক্ষতা ও দেশের মানুষের ভালোবাসায় দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান নিয়মিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন—তার নেতৃত্বেই বিএনপি আজ সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি।”
গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে হাজী ইয়াছিন বলেন, “আমি ভেসে আসা রাজনীতিক নই। সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করি না। কুমিল্লার মানুষের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করব। অনৈতিকভাবে অর্থ উপার্জনের পেছনে কখনো দৌড়াইনি। যদি এটাকে কেউ অপরাধ মনে করে, তবে এই অপরাধ নিয়েই আমি মরতে রাজি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা–৬ আসনের নেতাকর্মীরা দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই অনুষ্ঠিত হয় এ সমাবেশ।
সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান কামালসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।