
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (ASCC&S) দেশের সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে।
১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সেনানিবাসে “ASC বেস ইউনিট” থেকে সংগঠিত ও প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রটি। দেশের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত সেনাবাহিনীর প্রশাসনিক ও রসদ ব্যবস্থাপনা পুনর্গঠনের প্রয়োজনীয়তা থেকেই এই কেন্দ্রের সূচনা ঘটে। পরবর্তীতে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি খুলনার বর্তমান অবস্থান “গিলাতলা”-তে স্থানান্তরিত হয়। মহান মুসলিম সাধক হযরত খান জাহান আলী (রহ.)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীতে এ সেনানিবাসের নামকরণ করা হয় “জাহানাবাদ সেনানিবাস”।
আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (ASCC&S) দেশের বিভিন্ন ইউনিটে দায়িত্বপালনকারী সেনাসদস্যদের খাদ্য, পরিবহন, রসদ ও প্রশাসনিক সহায়তার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এ কেন্দ্রটি দেশের সেনা সরবরাহ ব্যবস্থাপনার দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, সিমুলেশন সেন্টার, কম্পিউটারভিত্তিক লজিস্টিক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ এবং আধুনিক যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যবস্থার সুযোগ যুক্ত হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এ কেন্দ্রটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত উন্নত হচ্ছে।