
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিতর্কিত পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলার হাসপাতাল রোডস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ একসময় দেশের অন্যতম সফল ও আস্থাভাজন ব্যাংক হিসেবে পরিচিত ছিল। গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও অর্থনৈতিক শৃঙ্খলার ভিত্তিতেই ব্যাংকটি এ অবস্থানে পৌঁছায়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা কাঠামো নিয়ে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে, যা ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করেছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকারী একটি চক্রের কারণে সঠিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে এবং আমানতকারীদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিচালনা কাঠামো গঠনের দাবি জানান তারা।
বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ ও ফেরদৌসী বেগমসহ অনেকে।
তারা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত আমানত রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং ব্যাংকের স্বচ্ছতা ও আস্থা পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।