
আলী আজীস, মোংলা (বাগেরহাট)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। দুষ্কৃতিকারীদের যেকোনো অপতৎপরতা রোধে ২৪ ঘণ্টা টহল, তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুক্রবার (২৮ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুত্তাকিন সিদ্দিকী জানান, ২৪ মার্চ থেকে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা ও সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লঞ্চ, ফেরি ও খেয়া ঘাটে টহল, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, ব্যাগ স্ক্যানিং, লিফলেট বিতরণ ও মাইকিং চালানো হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বলে জানান ।