
নিজস্ব প্রতিবেদক উখিয়া (কক্সবাজার)
কক্সবাজার-টেকনাফ মহাসড়কসংলগ্ন ঐতিহ্যবাহী বালুখালী বাজার এলাকায় সড়কের ওপর অনুমোদনহীনভাবে পানের হাট বসানোর অভিযোগ উঠেছে। প্রতিদিন সকালে মহাসড়কের একাংশ দখল করে পানের কেনাবেচা চলায় যান চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুখালী পানের বাজারের জন্য নির্ধারিত আলাদা শেড থাকলেও তা ব্যবহার না করে একদল ব্যবসায়ী প্রতিদিন সকালে মহাসড়কের ওপরই পানের হাট বসান। এতে সড়কের বড় একটি অংশ দখল হয়ে যায় এবং যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে প্রতিদিনই দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর এ হাট পরিচালনা করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বালুখালী এলাকায় বসবাসকারী একটি এনজিওর কর্মী রুহুল আমিন বলেন, “প্রতিদিন ক্যাম্পে কর্মস্থলে যেতে এই বাজারের কারণে যানজটে পড়তে হয়। অনেক সময় নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হয় না। এখানে কোনো শৃঙ্খলা নেই, ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “বালুখালীর পানের বাজারের আলাদা ঐতিহ্য রয়েছে। এর জন্য নির্ধারিত স্থানও আছে। তারপরও মহাসড়ক দখল করে হাট বসানো হচ্ছে, এতে মানুষ অযথা কষ্ট পাচ্ছে।”
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, মহাসড়কের ওপর অবৈধভাবে বসা পানের হাট দ্রুত উচ্ছেদ করে নির্ধারিত স্থানে স্থানান্তর করা হলে যানজট কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও লাঘব হবে।
NGS/MMH