
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ কোস্ট গার্ড মাঠে দায়িত্ব পালন শুরু করেছে, যা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় মোট ২৮ দিনব্যাপী কোস্ট গার্ড তাদের দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকাসমূহের ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
কোস্ট গার্ড সূত্র জানায়, পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ সংসদীয় আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাগুলোতে কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন কোস্ট গার্ড সদস্যরা।
নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোনের মাধ্যমে আকাশপথে পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে ভোটারদের জন্য একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বাহিনীটি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলীয় এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোস্ট গার্ড তাদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।