
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
বরেণ্য অভিনেত্রী ও মডেল জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে ব্যস্ত ওটিটি, সিনেমা এবং ব্যক্তিগত জীবনের নানা কাজ নিয়ে। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিরিজ ‘জিম্মি’।
এর আগে প্রথমবার ওটিটিতে ‘২ষ’ সিরিজে অতিথি চরিত্রে ডাইনিরূপে হাজির হয়েছিলেন তিনি। তবে এবার ‘জিম্মি’ সিরিজে তাকে দেখা যায় সরকারি নিম্নপদস্থ এক কর্মচারী রুনা লায়লা চরিত্রে।
জয়া আহসান বলেন, ‘জিম্মি’ একটি সামাজিক, হিউমারধর্মী ও বাস্তবসম্মত গল্প। এই গল্পে এমন কিছু বিষয় আছে, যা দর্শককে ভাবাবে। যদিও গল্পটি কোনো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়। তবুও এতে কিছু ঘটনাপ্রবাহ আছে, যা দর্শককে সচেতন করবে এবং জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করবে।’
গল্পের চরিত্র রুনা লায়লা ১০ বছর ধরে সরকারি চাকরিতে কোনও প্রমোশন পায়নি। সংসারে টানাটানি। হঠাৎ একদিন অফিসের স্টোররুমে সে পেয়ে যায় বাক্সভর্তি টাকা। শুরু হয় টানাপোড়েন। লোভের কাছে জিম্মি হয়ে পড়ে রুনা।
চরিত্রের নাম নির্বাচন প্রসঙ্গে জয়া বলেন, ‘নাটক, সিনেমা বা ওটিটিতে চরিত্রের নাম অনেক গুরুত্বপূর্ণ। নির্মাতা আশফাক নিপুণ এখানে সচেতনভাবে পরিচিত ও শক্তিশালী নাম বেছে নিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে।’
একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় জয়া:
নিজের অভিনীত সিনেমাগুলোর মুক্তি প্রসঙ্গে জয়া বলেন, ‘ভারতে ‘‘ডিয়ার মা’’, ‘‘কালান্তর’’, ‘‘ওসিডি’’ সিনেমাগুলো করেছি। এসব সিনেমার মুক্তির ব্যাপারে প্রযোজকরা ভালো বলতে পারবেন। তবে ‘‘ডিয়ার মা’’ হয়তো খুব শিগগিরই মুক্তি পাবে। এছাড়া বাংলাদেশেও একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।’
ছাদবাগানের সবজি নিয়ে আলোচনায় জয়া:
সম্প্রতি নিজের ছাদবাগানের টাটকা সবজির ছবি ফেসবুকে শেয়ার করে আলোচনায় এসেছেন জয়া আহসান। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নিজের চাষ করা টাটকা শাকসবজি — প্রাণ জুড়ানো। মাটির কাছাকাছি থাকতে ইচ্ছে হয় সবসময়। এটা আমার কাছে অন্যরকম শান্তি।’
ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার পোস্ট। অনেকে মন্তব্য করেছেন, ‘সুন্দর জীবনযাপন, প্রকৃতির কাছাকাছি থাকা — এটাই আসল সুখ।’