
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজ বুধবার সন্ধ্যা সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
হাসপাতালে পৌঁছালে তাঁকে রিসিভ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার।
প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে প্রধান উপদেষ্টা চিকিৎসক দলের কাছ থেকে বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত ব্রিফিং নেন। চিকিৎসকেরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।
এ সময় প্রধান উপদেষ্টা পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসহায়তার নিশ্চয়তা পুনর্ব্যক্ত করেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বানও জানান। হাসপাতাল পরিদর্শনকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।