
নিজস্ব প্রতিবেদক
কনকনে শীতের রাতে অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। চার বছর বয়সী এক কন্যাশিশু ও তার দুই বছর বয়সী ছোট ভাইকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা দুই শিশুকে দেখতে পান মহিম উদ্দিন। এ সময় শীতে কাতর শিশু আয়শাকে তার ছোট ভাইকে শক্ত করে আগলে ধরে থাকতে দেখা যায়।
মহিম উদ্দিন জানান, সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে তিনি কাছে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের অবস্থার কথা জানতে পারেন। মানবিক কারণে পরে তিনি দুই শিশুকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শার ভাষ্য অনুযায়ী, এক খালা তাদের মা–বাবার কাছ থেকে এনে সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে তাদের গরম পানি দিয়ে গোসল করানো হয় এবং খাবার খাওয়ানো হয়। এরপর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। তার ধারণা, শিশু দুটি অসুস্থ হওয়ায় মা–বাবা এমন অমানবিক কাজ করতে পারে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিশুদের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
NGS/MMH