
মোঃ ফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী দুর্যোগ সচেতনতামূলক মাঠ মহড়া। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের দৃশ্যপট যেন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। মাঠজুড়ে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে, সচেতনতামূলক কার্যক্রমগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ কতটা গভীর।
এই মহড়ার আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা জেজেএস-এর ‘প্রস্তুতি প্রকল্প’, আর সার্বিক সহযোগিতা করে জাপানি উন্নয়ন সংগঠন শাপলানীর। মহড়ায় দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালে করণীয় এবং পরবর্তী করণীয় বিষয়গুলো সরাসরি অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়, যেখানে অংশগ্রহণ করেন স্থানীয় কমিউনিটির স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেজেএস প্রস্তুতি প্রকল্পের সহকারী সমন্বয়কারী নাজমুল হুদা, শাপলানীর প্রতিনিধি আনিসুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়, এপিও এস. এম. এ. মজিদ এবং ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় শিক্ষক, ক্লাব প্রতিনিধি ও সিপিপি সদস্যরা।
এই মহড়ার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে জনগণ আরও সচেতন হয়ে উঠবে এবং দুর্যোগকালীন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।