
মো. ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলের কলেজ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ মহাবিদ্যালয় ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজ—এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাফি ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মো. হাসানুর রহমান হাসান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান বেল্টু ও আবু হাসান, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, ফিরোজ মাহমুদ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে কপোতাক্ষ কলেজে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়:
কপোতাক্ষ মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ। খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুস সাদিক রানা।
নবনির্বাচিত নেতারা জানান, তারা শিক্ষার্থীদের স্বার্থে ও গণতান্ত্রিক চর্চার বিকাশে কাজ করবেন। নেতাকর্মীদের আশা, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং নতুন নেতৃত্ব ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।