
শাহাদাত কামাল শাকিল
রমজানকে সামনে রেখে নিবন্ধনবিহীনভাবে অস্বাস্থ্যকর ও ক্ষতিকর উপায়ে নকল ট্যাং উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার এলাকায় জামাল ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কাপড়ের রং ও কেমিক্যাল মিশিয়ে চিনি দিয়ে নকল ট্যাং তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।
স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে এ তথ্য উঠে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হককে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর বুধবার (৫ মার্চ) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান ও মালিকের পালিয়ে যাওয়া:
সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দিন সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে বাজে মন্তব্য ও বিতর্কে জড়িয়ে পড়েন। পরে ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত পালিয়ে যান তিনি।
অভিযানের সময় প্রতিষ্ঠানটি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। মোবাইল কোর্ট সেখানে বিপুল পরিমাণে নকল ট্যাং, কেমিক্যাল মিশ্রিত চিনি, প্রস্তুতকারক রাসায়নিকসহ বেশ কয়েকটি কার্টন জব্দ করে। অভিযানে দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই রফিকের নেতৃত্বে বুড়িচং থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
আইনগত ব্যবস্থা:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক জানান, অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ফ্যাক্টরির মালিক পলাতক থাকায় ট্যাং প্রস্তুতকরণের সকল উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা আশা করছেন।