
মনির খান, স্টাফ রিপোর্টার
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোঃ আবু তালেব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় ও ইউপি সদস্য মোঃ সাবু সরদার।
রবিবার (১৭ আগস্ট) ভোরে গ্যাস্ট্রিকজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন আবু তালেব। ভোর ৪টার দিকে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে, পরে ল্যাবএইড এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগরিব বাদ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের নিজ গ্রাম গন্ডবে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু তালেব গন্ডব গ্রামের মোঃ মকবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি সহকর্মী ও অধীনস্থদের কাছে বিশেষভাবে সম্মানিত ছিলেন।
বর্তমানে তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সে এআইজি (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার, এবং সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে যশোর এম এম কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তৎকালীন ডেপুটি জেলার পদে যোগ দেন তিনি। সেখান থেকে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) পর্যন্ত উন্নীত হন।
তার মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। বন্ধু, শুভানুধ্যায়ী ও স্বজনরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।