
নিজস্ব প্রতিবেদক
খুলনায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ৩৬ মিনিট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানাধীন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সিটি পলিটেকনিক, বিআইডিসি রোড, মুজগুন্নি বাসস্ট্যান্ড, খুলনা-যশোর মহাসড়ক, বৈকালি মোড় হয়ে পুনরায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আকাশ শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন সাজিদ হাসান, তাহমিদ, তানিয়া, মাশরাফি, তানভীর, শিশির, জুবায়ের, রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফারিয়া আক্তার, হামিমসহ অনেক শিক্ষার্থী।

ছাত্রদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি বাতিল এবং নিয়োগ সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে নির্দিষ্ট বয়স নির্ধারণসহ ইংরেজি মাধ্যমে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম চালু করা।
৩. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়ন ও অন্যায়ভাবে নিচু পদে নিয়োগ বন্ধ।
৪. কারিগরি শিক্ষা পরিচালনায় সকল দায়িত্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ বাধ্যতামূলক করা।
৫. একটি স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন।
৬. একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নতুন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ১০০% আসনে ভর্তি নিশ্চিত করা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বলেন, “আমার ভাইকে মারল কেন—প্রশাসন জবাব চাই”, “তুমি কে আমি কে—ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “আপস নয়, সংগ্রাম”, “মামা থেকে মাস্টার—মামা বাড়ির আবদার”, “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত”।
শান্তিপূর্ণভাবে সমাপ্ত এই কর্মসূচি শেষে আয়োজকরা জানান, কেন্দ্রীয় ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুসারে আবারও তারা মাঠে নামবেন।