
নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জে একটি ইলেকট্রনিকস দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন দোকানমালিক।
শনিবার (৭ মার্চ) সকালে যশোর রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পূর্ব পাশে হাজী আকবর আলী সুপার মার্কেটের ‘নেহা ইলেকট্রনিকস’ নামের দোকানটিতে আগুন লাগে। স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানের মালিক মো. সেকেন্দার আলী বলেন, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। শনিবার সকালে পরিচিত এক ব্যক্তি ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে এসে দেখেন ফায়ার সার্ভিস কর্মীরা দোকানের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ততক্ষণে দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কালিগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান।
দোকানমালিক কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।