
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের উদ্যোগে কবি ও সাংবাদিক মামুন মোল্যার ২৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে কালিয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি গোলাম মোরশেদ, সিনিয়র সহসভাপতি মাছুমার রহমান, সহসভাপতি মনির চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী, দপ্তর সম্পাদক উজ্জ্বল শেখ, অর্থ সম্পাদক শাফায়েত ইসলাম, সহ-অর্থ সম্পাদক রাসেল মোল্যা, যুগ্ম সম্পাদক খায়রুল চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য তুষার আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য মামুন হাচান উপস্থিত ছিলেন।
কবি ও সাংবাদিক মামুন মোল্যা ১৯৯৬ সালের ৫ মে নড়াইল জেলার কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কালিয়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য সম্পাদক, অনলাইন পোর্টাল ডিএমসি নিউজ ২৪ ডট কম-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালের ১৬ ডিসেম্বর জাতীয় দৈনিক ‘ঘোষণা’ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে তিনি গণমাধ্যমে লেখালেখি শুরু করেন। এরপর থেকে দেশি-বিদেশি নানা সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে।
তিনি কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক লিখে থাকেন। তাঁর উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে ‘মৃত্যুর কোলে বিজয়ের স্বাদ’, ‘জাগো মায়ের নওজোয়ান’, ‘ঝরা পাপড়ির প্রত্যাশায়’ ও ‘সীমাহীন প্রীতি’। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায়ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।