
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়ায় কৃষি উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি চর্চা বিস্তারের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং “পার্টনার” প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এই ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রকল্পের উদ্দেশ্য ও আয়োজকদের বক্তব্যঃ
সেমিনারে জানানো হয়, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের মূল লক্ষ্য হলো পুষ্টি, উদ্যোক্তা তৈরি ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনা।
সেমিনারে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. জসীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ।
আলোচনার মূল বিষয়বস্তুঃ
বক্তারা বলেন,”উন্নত কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল ফসল চাষের মাধ্যমে কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক-ভোক্তা সংযোগ অত্যন্ত জরুরি।”
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল, মাটি ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, পুষ্টিকর শাকসবজি ও ফসল উৎপাদনের পদ্ধতি, কৃষি উদ্যোক্তা হিসেবে নারীর অংশগ্রহণ এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময়ে ছিল সরব অংশগ্রহণঃ
সারা দিনব্যাপী এ সেমিনারে অংশগ্রহণকারীরা নানা প্রশ্ন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তবিক সমস্যা তুলে ধরেন। অনেকেই বলেন, এমন প্রশিক্ষণ তাদের ফসল উৎপাদন, সংরক্ষণ ও বাজারে বিক্রির কৌশল জানতে সহায়তা করছে।
সেমিনার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সার্টিফিকেট ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।