
মোঃ উজ্জল শেখ, স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াজাবাদ ইউনিয়নের বড়নাল বাজারে ২০ আগস্ট বুধবার সকাল ৮টায় দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য দপ্তরের প্রতিনিধি অপূর্ব বিশ্বাস, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ এলাকাবাসী, সরকারের নির্বাচিত ওএমএস ডিলার মোহাম্মদ মেহেদী হাসান (মতি) এবং সুবিধাভোগীরা।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার মূল্য কেজি প্রতি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিলার মো. মেহেদী হাসান মতি সাংবাদিকদের জানান, “আমাদের ইউনিয়নের প্রতিটি সদস্য তাদের ন্যায্য প্রাপ্য চাল পাবেন। কোনোভাবেই কম দেওয়া হবে না। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা নিশ্চিত করছি, যাতে সুবিধাভোগীরা সঠিকভাবে তাদের প্রাপ্য পান।”
তিনি আরও জানান, বয়স্ক ও প্রতিবন্ধী কার্ডধারীদের যাতায়াতের সমস্যা বিবেচনায় নিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে অটোভ্যান সার্ভিস চালু করেছেন, যাতে তাদের চাল নিতে অসুবিধা না হয়।
গণমাধ্যমকর্মীরা সুবিধাভোগীদের সাথে কথা বলে জানতে পারেন, এবারই প্রথম তারা ডিলারের কাছ থেকে পূর্ণ ৩০ কেজি চাল পেয়েছেন। এর আগে অনেক সময় ২৭-২৮ কেজি করে চাল দেওয়া হতো। ফলে তারা ডিলারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, সরকারের এ কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ। ন্যায্যমূল্যে চাল সরবরাহের মাধ্যমে শুধু মানুষের ভোগান্তি কমছে না, গ্রামীণ সমাজে স্বস্তিও ফিরছে।