
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শ্রাবনী বিশ্বাস। রবিবার (১৭ আগস্ট ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন এসিল্যান্ড যোগদানের খবর নিজেই ফেসবুক বার্তার মাধ্যমে উপজেলাবাসীকে জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের সময় কালিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে নতুন সহকারী কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উপজেলাবাসীর কল্যাণে কাজ করবেন।”

শ্রাবনী বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর উপজেলাবাসীকে উদ্দেশ্য করে ফেসবুক বার্তায় জানান, “আমি আন্তরিকভাবে আপনাদের সেবা দিতে চাই। আমার অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকবে। যে কোনো সমস্যা বা অভিযোগ সরাসরি আমার কাছে জানান। আমি সঠিক ও আইনানুগ সমাধানের চেষ্টা করব। আপনারা আমার কাজের প্রতি সহযোগিতা ও দোয়া রাখবেন, এটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্থানীয়রা এ পদক্ষেপকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা জানান, নতুন সহকারী কমিশনারের যোগদানে উপজেলা প্রশাসনের সেবা দ্রুত, স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ হবে বলে আশা রাখছেন। অনেকেই মনে করছেন, দায়িত্বপূর্ণ ও নিষ্ঠাবান কর্মকর্তার অধীনে জনগণ সুষ্ঠু সেবা পাবে এবং সরকারি প্রক্রিয়ায় দুর্নীতি কমবে।