
মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল কালিয়া
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গার পাখিমারা গ্রামে বুধবার, ২০ আগস্ট ২০২৫ সকালে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র। উদ্বোধনের পরপরই কেন্দ্রের সামনে স্থানীয় সুবিধাভোগীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ডিলার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ কোবাদ শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক কোব্বাদ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, ইউপি সদস্য বোরহান সিকদার ও কাজল মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। এ চাল বিতরণ বছরে ছয় মাস অব্যাহত থাকবে।
পাখিমারা গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল গফুর বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল খুব সহায়ক হবে। বাজারে এখন যে দামে চাল কিনতে হয়, তা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।” স্থানীয় গৃহিণী রোকেয়া বেগম আরও বলেন, “প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়া গেলে সংসার চালাতে অনেক স্বস্তি মিলবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের একটি মানবিক উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল পাচ্ছেন। এতে একদিকে মানুষের ভোগান্তি কমছে, অন্যদিকে সমাজে স্বস্তি ফিরে আসছে।