
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে কালিয়া ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি শহীদ জিয়ার অবদান তুলে ধরে বলেন, “শহীদ জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না—তিনি ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষাকবচ।”
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম, যিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, আহাদুজ্জামান বাটু, কাজী সুলতানুজ্জামান সেলিম, আসজাদুর রহমান মিঠু ও তেলায়েত হোসেন বাবু। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু।
দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।