
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি
আসন্ন নড়াইল জেলার কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুর নাম। তিনি ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার শেখ পরিবারের (বড়বাড়ী) একজন কৃতি সন্তান ওয়াহিদুজ্জামান মিলু। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল সময়, আন্দোলন-সংগ্রাম এবং সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচলভাবে কাজ করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকারকারী এই নেতা উপজেলা ও পৌর এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও সুপরিচিত। দল-মত, ধর্ম-বর্ণ কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর ভেদাভেদ না করে তিনি সব সময় কালিয়া পৌর এলাকার সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার মানবিক গুণাবলীর কারণেও তিনি মানুষের কাছে প্রশংসিত।
শিক্ষাজীবনে তিনি কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে তিনি দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে কালিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেন।
সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, এস. এম. ওয়াহিদুজ্জামান মিলু একজন অত্যন্ত কর্মীবান্ধব, জনবান্ধব ও ত্যাগী রাজনৈতিক নেতা। ব্যক্তিগত কিংবা সামাজিক যেকোনো সংকটে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ কারণে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় অনেক ভোটারের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হলে কালিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ, আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং একটি আদর্শ, বৈষম্যহীন ও জনবান্ধব পৌরসভা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন।
NGS/MMH