
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়ার নড়াগাতী থানার যোগানিয়া বাজার ও আশপাশের এলাকায় রবিবার (৯ নভেম্বর) বিকেলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জিয়া পরিষদের নেতা অধ্যাপক বি. এম. নাগিব হোসেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তৃণমূলে রাজনৈতিক সচেতনতা ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি লস্কর ফিরোজ আহমেদ, স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান বাবলু, শেখ ইলিয়াস হোসেন, আব্দুর রহিম, ওদুদ শেখ, বিল্লাল শেখ, বাবু শেখ, বনি আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যাপক বি. এম. নাগিব হোসেন যোগানিয়া বাজারে দোকানপাট, পথচারী ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের অভাব–অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার–রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের পথ সুগম হবে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে এই দফাগুলোর পক্ষে সচেতনতা তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলে জনগণের আস্থা ফিরিয়ে আনাই বিএনপির প্রধান দায়িত্ব। মানুষ আজ পরিবর্তন চায়—চায় সুশাসন, চায় নিরাপত্তা, চায় ন্যায্য অধিকার। বিএনপি সেই জনগণের আশার প্রতীক হয়ে উঠবে, যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য ও বিশ্বাস ধরে রাখতে পারি।”
গণসংযোগকালে অধ্যাপক নাগিব হোসেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের উদ্দেশে বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তির সনদ। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এই দফাগুলোর প্রতিটি বাস্তবায়ন করতে হবে। এজন্য নেতাকর্মীদের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে, কারণ পরিবর্তনের মূল শক্তি জনগণই।”
স্থানীয় নেতারা বলেন, অধ্যাপক নাগিব হোসেনের এ গণসংযোগ কার্যক্রমে এলাকায় নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলে বিএনপির কর্মীরা তাঁর আহ্বানে অনুপ্রাণিত হচ্ছেন।
গণসংযোগ শেষে অধ্যাপক নাগিব হোসেন বাজার এলাকায় দলীয় কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, “রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো। তারেক রহমানের ৩১ দফার মূল দর্শনও তাই—জনগণের কল্যাণ, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা। বিএনপি জনগণের দল, তাই জনগণের প্রতিটি সমস্যাকে আমাদের নিজস্ব দায়িত্ব হিসেবে নিতে হবে।”