
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম পরিচালনার বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার বাবরা–হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত অনুমোদনহীন ‘টি এম বি ব্রিকস’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটার মালিকপক্ষকে জরিমানা করেন।
অভিযানকালে ভাটায় ইট উৎপাদনের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ ভেঙে ফেলা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় কালিয়া উপজেলা ভূমি অফিসের ১০ জন কর্মচারী, ২ জন নায়েব, কালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং কালিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। জরিমানা আদায়, মুচলেকা গ্রহণসহ সার্বিক কার্যক্রমে পেশকারি দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শেখ বাবুল হোসেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের জানান, কালিয়া উপজেলায় আরও কিছু অনুমোদনহীন ইটভাটা রয়েছে। সংশ্লিষ্ট মালিকরা যদি অবৈধভাবে ইট উৎপাদনের কার্যক্রম বন্ধ না করেন, তাহলে পর্যায়ক্রমে সব ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।