
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ। একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন, তাদের নিরক্ষরতা দূরীকরণ এবং সবাইকে সাক্ষরতার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজের কোনো মানুষকে নিরক্ষর রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্ক ও শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকেও সাক্ষরতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়গুলোর জন্য ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. তাশকির হোসেন, নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খালিদ বিন উসমান, উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা শাহিদ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।