
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম অহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি সেলিম শেখ, কৃষি অফিসার সৌরভ দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক–কৃষাণীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে উপজেলার চারটি ইউনিয়নের ৬৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রতি কৃষককে তিল, পাট ও মুগ ডালের বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা এবং খরিপ মৌসুমে আগাম গ্রীষ্মকালীন তিল ও মুগ ডালের আবাদ বৃদ্ধি করে কৃষি উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য। কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন এবং এতে আবাদ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বাড়বে বলে আশা করছেন।
