
নড়াইল প্রতিনিধি
কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৯০ বছরের এক বৃদ্ধ। তাঁর নাম ইব্রাহীম শেখ। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির একটি গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি গাছ থেকে নামায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ ছাড়া তাঁর মানসিক সমস্যাও ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে এসব কারণেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।