
গোলাম মোর্শেদ শেখ, নড়াইল
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলের কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রান্তিক খামারি ও পশুপালকেরা অংশ নেন।
বক্তারা বলেন, খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, রোগ প্রতিরোধ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকারের উদ্যোগ ইতোমধ্যে মাঠপর্যায়ে ফল দিচ্ছে। কালিয়ার খামারিরা প্রযুক্তি ব্যবহার করে সফলতার উদাহরণ তৈরি করেছেন—এই প্রদর্শনী তাদের আরও উৎসাহ দেবে বলে বক্তাদের মত।
অনুষ্ঠানে দেশীয় জাতের গবাদিপশু, দুগ্ধজাত পণ্য, ডিম, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রাণিজ পণ্য ও প্রযুক্তির বিশেষ প্রদর্শনী সাজানো হয়। স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধি, বাজারসংযোগ, চিকিৎসাসেবা ও খামার ব্যবস্থাপনায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন দায়িত্বশীল কর্মকর্তারা।