
শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. সবুর শেখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ৩টায় কালিয়া পৌর ও উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ফুলের মালা পরিয়ে মো. সবুর শেখকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে বরণ করে নেন।
মো. সবুর শেখ মরহুম শেখ মতিয়ার রহমানের পুত্র। তাঁর বাড়ি কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামে। তিনি দীর্ঘদিন কালিয়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় পর্যায়ে একজন পরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সম্পাদক শেখ শিহাব হোসেন, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি কামাল হোসেন সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, মো. সবুর শেখের বিএনপিতে যোগদান কালিয়া উপজেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করবে।