
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সালামাবাদ ইউনিয়নের বিলবাউস গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় সারা দেশে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে কালিয়া উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি অফিসার ডা. মো. আব্দুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শিকদার নাজমুল হক প্রিন্স। এ সময় আলমগীর মোল্লা, আকিজ উদ্দিন আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. বাবু মোল্লা, রাজিব শেখসহ এলাকার বিভিন্ন পশু পালনকারী ও খামারিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, ছাগল, ভেড়া ও অন্যান্য গবাদিপশু পালনকারীদের পশুর স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হতে হবে। কোনো পশু অসুস্থ হলে দেরি না করে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বা সংশ্লিষ্ট পশু চিকিৎসককে জানাতে হবে। সরকারি উদ্যোগে পশুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, পিপিআরসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিরা সময়মতো পশুকে টিকা দিলে রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ জন্য সরকারি টিকাদান কর্মসূচির সুযোগ নিতে তিনি পশু পালনকারীদের প্রতি আহ্বান জানান। পরে ক্যাম্পেইনে আগত খামারিদের শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হয়।