
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল ইসলাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন, কালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিস আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েই আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।