
শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৫টায় কালিয়া উপজেলার প্রাণকেন্দ্র মারোয়া ভবনে কালিয়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি আবু রেজা ই রাব্বী কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনা, ছাত্রনেতা রাকিবুজ্জামান পাপ্পু, যুবনেতা কামাল সিদ্দিকী, শ্রমিকনেতা মিলন চৌধুরী, সরদার হেমায়েত হোসেন হিমু ও নুর ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিয়া উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা সরদার ওয়াহিদুর রহমান। এছাড়া তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এলাকার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।