
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় সংকীর্ণ কালভার্ট ও রাস্তা পুনর্নির্মাণসহ উন্নয়নমূলক কাজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম, ওয়াহিদুজ্জামান মিলুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এসব এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কালিয়া পৌরসভার বিভিন্ন এলাকার সংকীর্ণ কালভার্ট ও রাস্তার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এ সময় স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবির কথাও শোনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, বিএনপি নেতা শেখ জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, ওসি মোল্লা গোলাম কিবরিয়া, শেখ গোলাম রসুল মান্দার, শেখ খলিলুর রহমান, নিয়াম মোল্লা এবং কালিয়া পৌরসভার প্রকৌশলী জুলফিকার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম, ওয়াহিদুজ্জামান মিলু বলেন, এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে আগামী পৌর নির্বাচনের আগেই বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, কালিয়া সিনেমা হলের সামনে থেকে সিতারামপুর, কুলশুর, কাতিকপুর ও মির্জাপুরসহ কয়েকটি গ্রামের রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ আগামী মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এসব উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।