
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ধাক্কায় এক মসজিদের ইমাম ও এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ও দুপুরে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এবং বটতলা এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—মাওলানা মো. আলী আকবর (৫৫) এবং ঊর্মী শিখা (২০)।
মাওলানা আলী আকবর কিশোরগঞ্জ জেলা প্রশাসক ডাকবাংলো মসজিদের ইমাম এবং ঐতিহাসিক পাগলা মসজিদের মক্তবের শিক্ষক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, নিহত ঊর্মী শিখা কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার মো. মহরম আলীর মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন আলী আকবর। এ সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বনানী মোড় এলাকায় একটি অটোরিকশা কলেজছাত্রী ঊর্মী শিখাকে চাপা দিলে তিনিও গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুটি দুর্ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত অটোরিকশা চালকদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।