
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় আব্দুস সোবহান দুলাল (৫৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৫ম তলায় ৫০৫৯ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নিহত আব্দুস সোবহান দুলাল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার উন্নতি হতে থাকে। তবে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্বজনরা অভিযোগ করেন, তারা বারবার নার্সদের খোঁজ করলেও কাউকে পাওয়া যায়নি। অনেকক্ষণ পর একজন নার্স এসে অক্সিজেন সরবরাহ করলেও তখনই আব্দুস সোবহানের মৃত্যু হয়। স্বজনরা আরও অভিযোগ করেন, রোগীর মৃত্যুর পর তারা প্রতিবাদ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচালকের কক্ষে আটকে রাখে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।