
কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এক ভূয়া সামরিক সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে সরারচর থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পথে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের এক যাত্রী যখন বগির দরজা বন্ধ থাকার কারণে অন্য বগিতে যেতে চাইছিলেন, তখন মো. আলমগীর খা (৩৪) নামের ওই ব্যক্তি দরজা খোলার সময় যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় এক যাত্রীর হাতের আঙুলে আঘাত লাগে। পরে যাত্রীরা দরজা খুলে দিলে আলমগীর খা পুনরায় দরজা বন্ধ করে দেন।
যাত্রীরা দরজা বন্ধ করার কারণ জানতে চাইলে আলমগীর খা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি হুমকি দেন, কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর সেনা ক্যাম্প থেকে সদস্যরা এসে যাত্রীদের ধরে নিয়ে যাবে। ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের সহায়তায় তাকে স্টেশনে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ পরিচয় যাচাইয়ের জন্য আইডি কার্ড প্রদর্শনের অনুরোধ করলে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে তার গ্রামের ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, আলমগীর খা কোনো বাহিনীতে চাকরি করেন না। পুলিশ আলমগীর খার পড়নে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত হাফ হাতা গেঞ্জি, ক্যাপ ও ব্যাগ জব্দ করেছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী (বিপিএম, পিপিএম) জানান, ভূয়া সেনা পরিচয়ে প্রতারণার অভিযোগে আলমগীর খাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।