
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার খলিলুর রহমানের দায়িত্বশীল ও যাত্রীবান্ধব ভূমিকায় রেল সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্টেশনের পরিচ্ছন্নতা রক্ষা, টিকিট কালোবাজারি রোধে কঠোর নজরদারি এবং যাত্রী অভিযোগ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে তার উদ্যোগ স্থানীয় যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টদের প্রশংসা কুড়াচ্ছে।
টিকিট দুর্নীতির বিরুদ্ধে অবিচল অবস্থান দেখানো খলিলুর রহমান সম্প্রতি এক যাত্রী বিবাদের সময় ও ট্রেন ছাড়ার আগে দুর্বৃত্তদের হামলার শিকার হলেও নিয়মনীতি প্রতিষ্ঠায় তার অটল দৃষ্টিভঙ্গি স্থির রেখেছেন। আহত হওয়া সত্ত্বেও সহকর্মী ও যাত্রীদের সমর্থন তার প্রতি শ্রদ্ধা ও আস্থা বৃদ্ধি করেছে।
স্টেশন মাস্টার খলিলুরের নেতৃত্বে স্টেশনের প্ল্যাটফর্ম ও যাত্রী বিশ্রামাগার পরিচ্ছন্ন রাখা, ধূমপান ও অগোছালো পরিবেশ রোধসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকিট কালোবাজারি চক্র চিহ্নিত করে রেলওয়ে পুলিশকে ব্যবস্থা নিতে সহায়তা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় স্থাপনেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
একজন রেলওয়ে কর্মচারী জানান, “স্যার শুধু কঠোর অফিসার নন, বরং আমাদের সমস্যা শুনেন এবং প্রয়োজনে সহায়তা করেন। তাঁর নেতৃত্বে আমরা আরও উদ্দীপনার সঙ্গে কাজ করছি।”
স্টেশন মাস্টার খলিলুর রহমানের দায়িত্বনিষ্ঠা এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।