
কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর বাইপাসের সেলফি রোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর। নিহতের নাম রায়হান (১৭), তিনি একজন হাফেজ এবং যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমাটি শিবপুর গ্রামের বাসিন্দা। তার বাবা রাজু (৪৫) পেশায় কসাই।
এ ঘটনায় আহত হয়েছেন সজিব (২০) নামে আরও এক যুবক। তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
যশোদল ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি আরিফুল ইসলাম আরজু বলেন, “দুর্ঘটনাস্থলের রাস্তাটি এখনও পূর্ণাঙ্গভাবে নির্মাণ হয়নি। সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, যার ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত পদক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ষএই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত রাস্তার উন্নয়ন ও আলোকসজ্জা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।