
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতি কাগজি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা জাহিদুল হক পেশায় কৃষক।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে জান্নাতিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ভোরে বাড়ির অদূরে ফসলি জমিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মেয়েটির মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে মরদেহটি কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের চাচা খলিলুর রহমান জানান, “আমাদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমাদের সন্দেহ, সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে জান্নাতিকে হত্যা করা হয়েছে।” তবে স্থানীয়দের একাংশের দাবি, রাতে কোনো চিৎকার বা গোলমালের শব্দ তারা শোনেননি, যা ঘটনাটি নিয়ে প্রশ্নের সৃষ্টি করছে।
ওসি আরও বলেন, “তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় কাগজি পাড়া ও আশপাশের গ্রামে চরম উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।